• হোম > বাংলাদেশ | বিশেষ নিউজ | রংপুর > গাইবান্ধায় জামিনে মুক্তির পর জেলগেটে গ্রেফতার আওয়ামী লীগ নেতা

গাইবান্ধায় জামিনে মুক্তির পর জেলগেটে গ্রেফতার আওয়ামী লীগ নেতা

  • সোমবার, ৫ মে ২০২৫, ১৮:৫০
  • ৭৮২

---

গাইবান্ধা জেলা প্রতিনিধি:

গাইবান্ধা জেলা কারাগার থেকে জামিনে মুক্তির পর জেলগেটে ফের গ্রেফতার হয়েছে খান মো. সাঈদ হোসেন জসিম নামে আওয়ামী লীগের এক নেতা। হামলা-ভাঙচুর ও বিস্ফোরক দ্রব্য আইনের তিন মামলায় গ্রেফতার হয়ে এক মাস ২ দিন পর উচ্চ আদালত থেকে জামিনে মুক্তি পান তিনি।

গ্রেফতার হওয়া খান মো. সাঈদ হোসেন জসিম গাইবান্ধা পৌর আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক। তিনি পৌর শহরের নতুন বাজার মহুরি পাড়ার (বিহারি পট্টি) এলাকার মতিন মিয়ার ছেলে। গত ৫ মে সোমবার সকাল সাড়ে ১০ টার দিকে গাইবান্ধা জেলা কারাগারের সামন থেকে তাকে গ্রেফতার করে পুলিশ।

বিষয়টি নিশ্চিত করে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহিনুর ইসলাম তালুকদার বলেন, জেলগেটের সামনে থেকে আওয়ামী লীগ নেতা সাঈদ হোসেনকে গ্রেফতার করা হয়েছে। জেলগেটে পুলিশের হাতে গ্রেফতারের সময় জসিম নিজেকে নির্দোষ দাবি করেন। তিনি বলেন, তিন মামলায় গ্রেফতার হয়ে কারাভোগের পর উচ্চ আদালত থেকে জামিন পেয়েছি। আমার বিরুদ্ধে আর কোনো মামলা কিংবা অভিযোগ নেই। কিন্তু তারপরেও কেন গ্রেফতার করা হচ্ছে আমাকে?

গত ৩ এপ্রিল বৃহস্পতিবার রাত ৯টার দিকে পৌর শহরের পুরাতন বাজার এলাকার একোয়াস্টেট পাড়ার একটি বাসা থেকে তাকে গ্রেফতার করে জেলা পুলিশের গোয়েন্দা (ডিবি) শাখার সদস্যরা। খান মো. জসিম জেলা বিএনপি অফিস, যুবদলের অফিস ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় গত বছরের ২৬ আগস্ট সদর থানায় দায়ের করা বিস্ফোরক দ্রব্য আইনের দুটি মামলার এজাহারভুক্ত আসামি। এছাড়া পলাশবাড়ী উপজেলায় যুবদলের কর্মিসভায় হামলা ও হত্যাচেষ্টার ঘটনায় দায়ের করা মামলার এজাহারভুক্ত আসামিও তিনি।


This page has been printed from Daily Jubokantho - https://www.jubokantho.com/136162 ,   Print Date & Time: Thursday, 14 May 2026, 03:58:20 AM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2026 SAASCO Group