• হোম > জাতীয় | বিশেষ নিউজ > ১০ দাবিতে সারাদেশে পেট্রলপাম্প বন্ধ

১০ দাবিতে সারাদেশে পেট্রলপাম্প বন্ধ

  • রবিবার, ২৫ মে ২০২৫, ১২:৩৩
  • ৩৬৪

---

রাজধানী ঢাকাসহ সারা দেশে আজ রোববার (২৫ মে) সকাল ৬টা থেকে শুরু হয়েছে পেট্রল পাম্প মালিকদের অর্ধদিবস কর্মবিরতি। বাংলাদেশ পেট্রলপাম্প ও ট্যাংকলরি মালিক ঐক্য পরিষদের ১০ দফা দাবি আদায়ে এ কর্মসূচি পালন করা হচ্ছে।

পরিষদের ঘোষণা অনুযায়ী, এই কর্মবিরতি দুপুর ২টা পর্যন্ত চলবে। এর ফলে দেশের অধিকাংশ পেট্রল পাম্প থেকে জ্বালানি বিক্রি বন্ধ রয়েছে।

অবিলম্বে কমিশন বৃদ্ধি, নানা প্রকার লাইসেন্স বাতিল ও নবায়নের সহজীকরণসহ মোট ১০টি দাবি জানিয়েছে পরিষদ। দাবির মধ্যে রয়েছে:

পেট্রল-ডিজেলের বিক্রয় কমিশন ন্যূনতম ৭ শতাংশ নির্ধারণ

সড়ক ও জনপথ বিভাগের ইজারা ফি আগের মতো রাখা

পাম্পের সড়কসংযোগ নবায়ন আবেদন সহজীকরণ

শুধু ডিসপেন্সিং ইউনিটে বিএসটিআই স্ট্যাম্পিং সীমিতকরণ

আন্ডারগ্রাউন্ড ট্যাংক ক্যালিব্রেশন ফি ও লাইসেন্স বাতিল

অবৈধভাবে মেশিন বসিয়ে তেল বিক্রি বন্ধ

বিপণন কোম্পানির সরাসরি তেল বিক্রি নিষিদ্ধ

ট্যাংকলরি চালকদের লাইসেন্স নবায়নে সহজ ব্যবস্থা

ট্যাংকলরির কাগজপত্র ডিপো গেটেই পরীক্ষা

আন্তজেলা ট্যাংকলরির জন্য রুট পারমিট দেওয়া

কর্মসূচি চলাকালে অ্যাম্বুলেন্স, ফায়ার সার্ভিস, হজ ফ্লাইট ও আন্তর্জাতিক ফ্লাইটে ব্যবহৃত জ্বালানি পরিবহন চালু রাখা হয়েছে। এছাড়া যেসব পাম্প পুলিশের সঙ্গে চুক্তিতে রয়েছে, সেখানে পুলিশের গাড়িতে জ্বালানি সরবরাহ অব্যাহত থাকবে।

পরিষদের যুগ্ম আহ্বায়ক মো. মিজানুর রহমান জানান, আজ সকাল ১০টায় বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের (বিপিসি) সঙ্গে বৈঠক হবে। এই বৈঠকে সন্তোষজনক সিদ্ধান্ত এলে কর্মসূচি প্রত্যাহার বা স্থগিতের বিষয়ে জানানো হবে।

গত ১১ মে এক সংবাদ সম্মেলনে পরিষদ জানায়, ২৪ মের মধ্যে দাবি না মানা হলে ২৫ মে প্রতীকী কর্মসূচি পালন করা হবে। সে অনুযায়ী আজকের অর্ধদিবস কর্মবিরতি পালন করা হচ্ছে।

এদিকে পেট্রল পাম্প বন্ধ থাকায় সকাল থেকেই বিভিন্ন জেলায় মোটরসাইকেল, প্রাইভেটকার ও বাসচালকরা জ্বালানির সংকটে পড়েছেন বলে জানিয়েছে বিভিন্ন সূত্র।


This page has been printed from Daily Jubokantho - https://www.jubokantho.com/136378 ,   Print Date & Time: Monday, 30 March 2026, 12:37:46 PM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2026 SAASCO Group