• হোম > জাতীয় | বিশেষ নিউজ > স্ত্রীসহ সাবেক ভূমিমন্ত্রী রেজাউল করিম গ্রেপ্তার

স্ত্রীসহ সাবেক ভূমিমন্ত্রী রেজাউল করিম গ্রেপ্তার

  • বুধবার, ২৮ মে ২০২৫, ১১:৫০
  • ৪৫২

---

স্ত্রীসহ গ্রেপ্তার হয়েছেন সাবেক ভূমিমন্ত্রী এবং জামালপুর-৫ আসনের চারবারের সাবেক সংসদ সদস্য রেজাউল করিম হীরা। মঙ্গলবার বিকেলে শেরপুর জেলা সাব-রেজিস্ট্রার কার্যালয় থেকে তাকে গ্রেপ্তার করে আইনশৃঙ্খলা বাহিনী।

গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত এই অভিযানে জমি বিক্রির সময় কার্যালয় থেকে তাকে আটক করা হয় বলে জানিয়েছে একটি দায়িত্বশীল গোয়েন্দা সূত্র। গ্রেপ্তারের সময় তার সঙ্গে তার স্ত্রীও ছিলেন। দুজনকেই শেরপুর সদর থানায় নেওয়া হয়েছে।

ঘটনাস্থলে উপস্থিত ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল ও শ্রমিক দলের নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল করেন এবং রেজাউল করিমের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

রেজাউল করিম হীরা ১৯৯১ সালে স্বতন্ত্র প্রার্থী হিসেবে জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিলেও সংসদ সদস্য নির্বাচিত হন ১৯৯৬ সালের সপ্তম জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী হয়ে। পরবর্তী তিনটি নির্বাচনেও জয়ী হন তিনি। ২০০৯ সালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে গঠিত দ্বিতীয় মন্ত্রিসভায় ভূমি মন্ত্রীর দায়িত্ব পান তিনি।

২০১৪ সালের নির্বাচনেও জয়ী হয়ে ভূমি মন্ত্রণালয়-সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতির দায়িত্ব পান। তবে ২০১৮ সালের নির্বাচনে দলীয় সিদ্ধান্তে প্রার্থীতা প্রত্যাহার করেন।

রেজাউল করিম হীরার বিরুদ্ধে কী অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে, তা নিয়ে এখনো আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি পুলিশ। তবে গোয়েন্দা কর্মকর্তারা জানিয়েছেন, তার বিরুদ্ধে জমি কেনাবেচা সংক্রান্ত অনিয়ম এবং দুর্নীতির অভিযোগ খতিয়ে দেখা হচ্ছে।

এই বিষয়ে বিস্তারিত জানাতে শিগগিরই সংবাদ সম্মেলন করার কথা রয়েছে আইনশৃঙ্খলা বাহিনীর।


This page has been printed from Daily Jubokantho - https://www.jubokantho.com/136410 ,   Print Date & Time: Thursday, 12 February 2026, 11:48:17 AM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2026 SAASCO Group