![]()
মো: সাগর হোসেন,বেনাপোল প্রতিনিধি:
যশোর সীমান্তে মাদক ও চোরাচালান বিরোধী বিশেষ অভিযান চালিয়ে মালিকবিহীন মাদকদ্রব্য এবং অবৈধ চোরাচালানি মালামাল জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
অদ্য ২৩ ডিসেম্বর ২০২৫ তারিখে বিজিবির যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি) এর বিশেষ টহলদল শাহজাদপুর ও আন্দুলিয়া বিওপি এবং বেনাপোল আইসিপি’র সীমান্তবর্তী এলাকায় এ অভিযান পরিচালনা করে। অভিযানে বিদেশি মদ, ভারতীয় উইনসেরেক্স কফ সিরাপ, শাড়ি, কম্বল, শাল-চাদর ও বিভিন্ন ধরনের কসমেটিকস সামগ্রী উদ্ধার করা হয়। জব্দকৃত মালামালের আনুমানিক বাজারমূল্য ৩ লাখ ১৯ হাজার ১০০ টাকা।
এ বিষয়ে যশোর ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সাইফুল্লাহ্ সিদ্দিকী, এসপিপি, পিএসসি জানান, দীর্ঘদিন ধরে সীমান্ত এলাকায় মাদকদ্রব্য ও চোরাচালানি মালামাল পাচার রোধে বিজিবি বিশেষ পরিকল্পনার আওতায় গোয়েন্দা তৎপরতা ও আভিযানিক কার্যক্রম পরিচালনা করে আসছে। এরই ধারাবাহিকতায় দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় নিয়মিত অভিযান পরিচালনার মাধ্যমে মাদক ও চোরাচালানি মালামাল জব্দ করা সম্ভব হচ্ছে।
তিনি আরও জানান, সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করতে এবং মাদক ও চোরাচালান প্রতিরোধে বিজিবির এ ধরনের আভিযানিক কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

