![]()
মো: সাগর হোসেন,বেনাপোল প্রতিনিধি:
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন–২০২৬কে কেন্দ্র করে নড়াইল ও যশোর জেলায় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে। নির্বাচনকালীন আইন-শৃঙ্খলা রক্ষা ও নিরাপত্তা নিশ্চিত করতে যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি) সম্পূর্ণ প্রস্তুতি গ্রহণ করেছে।
আজ শুক্রবার ৩০ শে জানুয়ারি, প্রেস ব্রিফিংয়ে জানানো হয়, সীমান্ত সুরক্ষা, চোরাচালান দমন, অভ্যন্তরীণ আইন-শৃঙ্খলা রক্ষা এবং জনকল্যাণমূলক কার্যক্রমের ধারাবাহিকতায় নির্বাচনকালীন দায়িত্ব পালনে বিজিবি সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। এ ক্ষেত্রে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার ও নির্বাচন কমিশনের সকল নির্দেশনা কঠোরভাবে অনুসরণ করা হচ্ছে।
ব্রিফিংয়ে আরও জানানো হয়, যশোর ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ এলাকায় মোট ৩টি জেলার ১৬টি উপজেলার ১১টি সংসদীয় আসনে ৩০.৭ প্লাটুন বিজিবি মোতায়েনের পরিকল্পনা গ্রহণ করা হয়। এর অংশ হিসেবে প্রথম ধাপে গত ২৯ জানুয়ারি গোপালগঞ্জ জেলার ৩টি আসনে ৮.৭ প্লাটুন এবং যশোর জেলার ৪টি আসনে ১৪ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়। দ্বিতীয় ধাপে আজ ৩০ জানুয়ারি নড়াইল জেলার ২টি আসনে ৫.৫ প্লাটুন এবং যশোর জেলার ২টি আসনে ২.৫ প্লাটুন বিজিবি সদস্য মোতায়েন করা হয়েছে।
নির্বাচনী এলাকার নিরাপত্তা জোরদার করতে ৭০টি গুরুত্বপূর্ণ স্থানে অস্থায়ী চেকপোস্ট স্থাপন করে তল্লাশি কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। পাশাপাশি ভোটকেন্দ্রের নিরাপত্তায় নিয়মিত টহল ও রেকি কার্যক্রম অব্যাহত রয়েছে।
বিজিবি জানায়, নির্বাচন চলাকালীন কোনো ধরনের নাশকতা বা বিশৃঙ্খলা যাতে সৃষ্টি না হয়, সে লক্ষ্যে বিজিবি সর্বদা সতর্ক রয়েছে। সীমান্ত এলাকায় অবৈধ অস্ত্র উদ্ধারে অভিযান পরিচালনার পাশাপাশি জনসচেতনতামূলক সভার মাধ্যমে স্থানীয় জনগণকে নির্বাচনে অংশগ্রহণে উৎসাহিত করা হচ্ছে।
যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি) আশাবাদ ব্যক্ত করে জানায়, সরকার, নির্বাচন কমিশন, আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং জনগণের সম্মিলিত প্রচেষ্টায় আসন্ন জাতীয় সংসদ নির্বাচন শান্তিপূর্ণ, সুষ্ঠু ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হবে।

