![]()
মো: সাগর হোসেন,বেনাপোল প্রতিনিধি:
যশোরের বেনাপোল পৌরসভা নির্বাচনকে সামনে রেখে মেয়র পদপ্রার্থী ও পৌর বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মো. মফিজুর রহমানের উদ্যোগে এক বৃহৎ ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৭ রমজান) নারায়ণপুর-দুর্গাপুর এলাকার মিফতাহুল উলুম হাফিজিয়া মাদরাসা ও নূরানী কিন্ডারগার্টেন প্রাঙ্গণে এ আয়োজন করা হয়।
ইফতার মাহফিলে স্থানীয় এলাকার প্রায় পাঁচ শতাধিক ধর্মপ্রাণ মানুষ অংশ নেন। রাজনৈতিক নেতা-কর্মীদের পাশাপাশি সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে পুরো মাদরাসা প্রাঙ্গণ প্রাণবন্ত মিলনমেলায় পরিণত হয়।
অনুষ্ঠানে পবিত্র রমজানের তাৎপর্য তুলে ধরা হয় এবং স্থানীয় উন্নয়ন নিয়ে সংক্ষিপ্ত আলোচনা অনুষ্ঠিত হয়। ইফতারের আগে মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি এবং দেশ-জাতির কল্যাণ কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়।
আয়োজক মো. মফিজুর রহমান বলেন, পবিত্র রমজানে মানুষের সঙ্গে সরাসরি সম্পৃক্ততা বাড়ানো এবং ভ্রাতৃত্বের বন্ধন সুদৃঢ় করতেই এই আয়োজন। তিনি ভবিষ্যতে বেনাপোল পৌরসভার উন্নয়নে নিজেকে নিয়োজিত করতে সকলের দোয়া ও সমর্থন কামনা করেন।
ইফতার মাহফিলে এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, মাদরাসার শিক্ষক-শিক্ষার্থী এবং স্থানীয় সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

